টোনার ব্যবহারে ত্বকের যত্ন

ত্বকের যত্নে টোনার ব্যবহার এখন অনেকটাই জনপ্রিয় একটি ধাপ। ক্লিনজিংয়ের পর এবং ময়েশ্চারাইজার ব্যবহারের আগে টোনার লাগালে ত্বক আরও পরিষ্কার, সতেজ ও প্রস্তুত থাকে। বিশেষ করে যারা নিয়মিত স্কিনকেয়ার করেন, তাদের জন্য টোনার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

টোনারের প্রধান কাজ হলো মুখ পরিষ্কার করার পর ত্বকের ভেতরে থাকা অতিরিক্ত ময়লা, তেল বা মেকআপের অবশিষ্টাংশ দূর করা। অনেক সময় ক্লিনজার ব্যবহারের পরও রোমকূপের ভেতরে কিছু ময়লা থেকে যায়, টোনার তা পরিষ্কার করে ত্বককে ফ্রেশ করে তোলে। একই সঙ্গে এটি ত্বকের পিএইচ ব্যালান্স ঠিক রাখতে সাহায্য করে, যা ত্বককে সুস্থ রাখতে খুব জরুরি।

টোনার ব্যবহারের আরেকটি বড় উপকার হলো এটি রোমকূপকে টাইট করতে সাহায্য করে। ফলে ত্বক মসৃণ ও পরিষ্কার দেখায় এবং ব্রণ হওয়ার ঝুঁকি কমে। অনেক টোনারে অ্যালোভেরা, গোলাপজল, গ্রিন টি বা ভিটামিন ই-এর মতো উপাদান থাকে, যা ত্বককে হাইড্রেটেড রাখে এবং উজ্জ্বলতা বাড়ায়।

টোনার ব্যবহার করা খুবই সহজ। প্রথমে ফেসওয়াশ দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে নিন। এরপর একটি কটন প্যাডে অল্প পরিমাণ টোনার নিয়ে পুরো মুখে আলতো করে লাগান। চাইলে হাতের তালুতেও নিয়ে সরাসরি মুখে প্যাট করে লাগানো যায়। এরপর ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক আরও নরম ও মসৃণ থাকবে।

তবে সব ধরনের ত্বকের জন্য এক ধরনের টোনার উপযুক্ত নয়। তেলতেলে ত্বকের জন্য অয়েল কন্ট্রোল টোনার এবং শুষ্ক ত্বকের জন্য হাইড্রেটিং টোনার ব্যবহার করা উচিত। সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে অ্যালকোহল-ফ্রি টোনার বেছে নেওয়া ভালো। নিয়মিত সঠিক টোনার ব্যবহারে ত্বক থাকবে সতেজ, পরিষ্কার ও উজ্জ্বল।

-বিথী রানী মণ্ডল