শিল্পী পায়েল সরকার ও লহমা ভট্টাচার্যসহ অন্যান্য বাসিন্দাদের আতঙ্কিত করে তুলেছে পশ্চিমবঙ্গের বহুতল ভবন ‘আরবানা’-র চতুর্থ টাওয়ারে সোমবারের আগুনের ঘটনা। এই ভবনের সাত তলা থেকে ত্রস্ত হয়ে নেমে আসেন পায়েল, আর ৩০ তলায় থাকা লহমা তার বাবা-মাতার সঙ্গে নিরাপদে নামার চেষ্টা করেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পায়েল রান্নাঘরের জানলা দিয়ে ধোঁয়া দেখতে পান। তিনি জানান, “প্রথমে কেউই টের পায়নি। রান্নার বাইরে প্রচুর ধোঁয়া দেখে রান্নার দিদি আমাকে ডাকেন। সঙ্গে সঙ্গে বুঝে নীচে নেমে আসি।”
লহমা ভট্টাচার্যও তার অনুভূতি শেয়ার করেছেন, “হঠাৎ চারপাশ ধোঁয়ায় ঢাকা। সবাই তড়িঘড়ি নিচে নামছে। ৩০ তলা থেকে নামতে সময় লাগে। করিডরে কিছু দেখা যাচ্ছিল না, শুধু ধোঁয়ার কুণ্ডলী।”
দমকল বাহিনী প্রায় ৪০ মিনিট পরে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপাতত পায়েল ও লহমা নিরাপদে আছেন। তবে আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি; ধারণা করা হচ্ছে পাঁচ তলার কোনো ফ্ল্যাট থেকে শুরু হয়েছে আগুন।
-বিথী রানী মণ্ডল










