শিক্ষক-ছাত্রী থেকে জীবনসঙ্গী: আর. মাধবন-সারিতা

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আর. মাধবন ব্যক্তিগত জীবনে ভালোবেসে সারিতা-এর সঙ্গে সংসার করেছেন। তাদের একটি পুত্রসন্তানও রয়েছে। কিন্তু জানা গেছে, মাধবনের সঙ্গে সারিতার প্রথম পরিচয় হয়েছিল এক শিক্ষার্থী-শিক্ষক সম্পর্কের মাধ্যমে।

কয়েক দিন আগে ম্যাশেবল ইন্ডিয়া-কে দেওয়া সাক্ষাৎকারে আর. মাধবন স্মৃতিচারণ করেন। তিনি জানান, অভিনেতা হিসেবে পরিচিত হওয়ার আগে তিনি শিক্ষক হিসেবে জনসমক্ষে বক্তব্য রাখা এবং যোগাযোগ দক্ষতা শেখাতেন। কোলহাপুরে তার এই কোর্সে ভর্তি হয়েছিলেন সারিতা। মাধবন বলেন, “আমি তখন কোলহাপুরে ছিলাম। সে আমার ছাত্রী ছিল এবং তার আত্মীয়র সঙ্গে দেখা করার জন্য সে আমার ক্লাসে আসত। তার পর ধীরে ধীরে সে নিয়মিত ক্লাসে আসে, কারণ সে আমার পড়ানোর কৌশল পছন্দ করত।”

আর. মাধবন স্পষ্ট করে জানিয়েছেন, ক্লাস চলাকালীন সময়ে তাদের মধ্যে কোনো রোমান্টিক সম্পর্ক ছিল না। তাদের যোগাযোগ সীমিত ছিল শুধুমাত্র ক্লাস রুমে। কোর্স শেষ হওয়ার পর সারিতা পেশাগত জীবনে পা রাখেন এবং এয়ার হোস্টেস হিসেবে চাকরিতে যোগ দেন। এরপর পরিস্থিতি বদলে মাধবনকে ডিনারের আমন্ত্রণ জানান।

মাধবন স্মরণ করেন, “আমরা কোলহাপুরের একটি হোটেলে ডিনারে গিয়েছিলাম। এরপর থেকেই ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠে।” প্রায় আট বছরের প্রেমের পর তারা বিয়ে করেন। ১৯৯৯ সালে ঐতিহ্যবাহী তামিল রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন আর. মাধবন ও সারিতা। মাধবনের মতে, মূলত বিয়ের পরই তিনি তারকা হিসেবে চলচ্চিত্রে প্রতিষ্ঠা লাভ করেন।

-বিথী রানী মণ্ডল