আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খান-এর নতুন সিনেমা প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। বর্তমানে শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন কলকাতায়। আনন্দবাজার অনলাইনে প্রকাশিত ছবিতে শাকিব খানের লুক নব্বই দশকের কুখ্যাত গ্যাংস্টার ‘কালা জাহাঙ্গীর’-এর আদলে ফুটে উঠেছে—অগোছালো চুল, ঘন দাড়ি-গোঁফ এবং বুক খোলা জ্যাকেটের নিচে শার্ট।
পরিচালক আবু হায়াত মাহমুদ সিনেমায় দেখিয়েছেন, কীভাবে একজন সাধারণ মানুষ দুর্ধর্ষ গ্যাংস্টারে পরিণত হয়। ৯ ফেব্রুয়ারি হাওড়ার শালিমারের পরিত্যক্ত কারখানায় রাতভর অ্যাকশন শুটিং করা হয়, এবং ১১ ফেব্রুয়ারি বৌবাজারের মাধো ভবনে বাইক নিয়ে প্রবেশ দৃশ্য ধারণ করা হয়।
সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ ও পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। এছাড়া অভিনয় করছেন বাংলাদেশের শরীফ সিরাজ ও মাহমুদ, কলকাতার লোকনাথ দে, পিয়ান সরকার, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য।
ছবির চিত্রগ্রহণে রয়েছেন বলিউডের অমিত রায় ও শৈলেশ অবস্থী। শ্রীলঙ্কার প্রথম লটের শুটিং শেষ হওয়ার পর এটি দ্বিতীয় লট। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস-এর ব্যানারে শিলিন সুলতানা প্রযোজিত এই সিনেমা চলতি বছরের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
-বিথী রানী মণ্ডল










