রাজধানীর মোহাম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিমকে লক্ষ্য করে নৃশংস হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। বোরকা পরে ছদ্মবেশে এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার একটি হাতের কনুই প্রায় বিচ্ছিন্ন করে ফেলেছে হামলাকারীরা।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের ময়ূর ভিলার পাশের ঢালে একটি চা দোকানে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সামাজিক সংগঠক আরিফ আহমেদ জানান, রাতে তারা ‘আল মদিনা টি স্টলে’ বসে চা খাচ্ছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ৩-৪ জন বোরকা পরিহিত ব্যক্তি সেখানে নামে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে ইব্রাহিমকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। হামলাকারীদের পরনে বোরকা থাকায় তাদের তাৎক্ষণিকভাবে চেনা সম্ভব হয়নি।
হামলার পর ইব্রাহিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আঘাত গুরুতর হওয়ায় এবং হাতের হাড় ও মাংস বিচ্ছিন্ন প্রায় হওয়ায় তাকে দ্রুত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন জানান, “খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তরা বোরকা পরে আত্মগোপনের চেষ্টা করলেও তাদের শনাক্ত করতে আমাদের টিম কাজ করছে। অচিরেই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”
–লামিয়া আক্তার










