রোজার সময় হোক বা দৈনন্দিন খাদ্যাভ্যাস লেটুস পাতা একটি খুবই উপকারী সবজি। হালকা, সতেজ এবং পুষ্টিগুণে ভরপুর এই সবজি শরীরকে যেমন ঠান্ডা রাখে, তেমনি নানা স্বাস্থ্য উপকারও দেয়।
লেটুস পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি ও কে। ভিটামিন এ চোখের জন্য উপকারী, ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে। ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ভিটামিন কে হাড় মজবুত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত লেটুস খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে শক্তিশালী হয়।
এতে ফাইবার বা আঁশের পরিমাণও ভালো, যা হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। ইফতারের সময় ভারী খাবারের পর কিছু লেটুস পাতা খেলে হজম প্রক্রিয়া সহজ হয় এবং পেটে অস্বস্তি কমে। যারা ওজন কমাতে চান বা ডায়েট মেনে চলছেন, তাদের জন্য লেটুস খুবই ভালো একটি খাবার কারণ এতে ক্যালোরি কম, কিন্তু পেট ভরা অনুভূতি দেয়।
লেটুস পাতার আরেকটি বড় উপকার হলো শরীরকে হাইড্রেট রাখা। এতে পানির পরিমাণ অনেক বেশি, যা গরমে শরীরকে ঠাণ্ডা রাখে এবং পানিশূন্যতা কমায়। বিশেষ করে রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারে লেটুস খেলে শরীর দ্রুত সতেজ হয়ে ওঠে।
এ ছাড়া লেটুসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকর টক্সিন দূর করতে সাহায্য করে এবং ত্বক ও চুল ভালো রাখতে ভূমিকা রাখে। নিয়মিত সালাদে লেটুস যোগ করলে হৃদরোগের ঝুঁকিও কিছুটা কমে।
লেটুস পাতা শুধু সালাদের সাজ নয় এটি একটি পুষ্টিকর, হালকা এবং স্বাস্থ্যকর খাবার, যা তরুণ থেকে বৃদ্ধ সবার জন্যই উপকারী।
-বিথী রানী মণ্ডল










