ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসিএইচ) মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে প্রকাশিত এই আদেশে জানানো হয়, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর চাকরি বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষ কর্মকর্তাদের যুক্ত করার প্রক্রিয়া চলছে। ডা. আমান উল্লাহর এই নিয়োগ সেই প্রশাসনিক পুনর্গঠনেরই একটি অংশ বলে ধারণা করা হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই চিকিৎসক এখন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো দেখাশোনা করবেন।