জ্বালানি মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের, প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান নিয়ে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, মন্ত্রীর এই বক্তব্য ইতিহাস ও গণআকাঙ্ক্ষার বাস্তবতাকে অস্বীকার করার শামিল।

রোববার (২২ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

বিতর্কের সূত্রপাত
গত শনিবার (২১ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান শুনলে তার রক্তক্ষরণ হয়, কারণ ‘ইনকিলাব’ বাংলা শব্দ নয়।”

জামায়াতের জবাব
জবাবে জামায়াত নেতা এহসানুল মাহবুব বলেন, “‘ইনকিলাব’ শব্দটি আরবি হলেও উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচারবিরোধী সংগ্রাম এবং গণঅধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে এটি বহু দশক ধরে ব্যবহৃত হয়ে আসছে। এটি এখন শোষণ, অন্যায় ও স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদের এক শক্তিশালী প্রতীক।”

তিনি আরও বলেন, “বাংলা ভাষা অসংখ্য বিদেশি শব্দ গ্রহণ করেই সমৃদ্ধ হয়েছে। কোনো শব্দের উৎপত্তিকে কেন্দ্র করে তাকে ‘বাংলাবিরোধী’ আখ্যা দেওয়া ভাষাবিজ্ঞানের মৌলিক নীতির পরিপন্থী।”

জামায়াতের পক্ষ থেকে এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে বলা হয়েছে, শব্দ বা স্লোগানকে কেন্দ্র করে জাতিকে বিভক্ত করার চেষ্টা পরিহার করতে হবে।

মোঃ আশরাফুল আলম