নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে দুর্বৃত্তের গুলিতে শফিকুর রহমান (৫৫) নামে এক বিএনপি নেতা ও ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
আহত শফিকুর রহমান কলাবাগান থানা এলাকার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
ঘটনার বিবরণ
জানা গেছে, বসুন্ধরা সিটির বিপরীত পাশে শফিকুর রহমানের একটি জুতার দোকান রয়েছে। রাতে তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি হাতে গুলিবিদ্ধ হন।
ঘটনার পরপরই আশপাশের দোকানিরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়।
পুলিশের বক্তব্য
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল কুমার পাল জানান, “রাত সাড়ে ৯টার দিকে কে বা কারা শফিকুরকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গেছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে বিস্তারিত জানার চেষ্টা চলছে।”









