হবিগঞ্জে সিলিকা বালু উত্তোলনকারীদের তালিকা তৈরির নির্দেশ হাইকোর্টের

আদালত প্রতিবেদক, ঢাকা

হবিগঞ্জে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী তিন মাসের মধ্যে আদেশ বাস্তবায়নের প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে রোববার (২২ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

অবিলম্বনে উত্তোলন বন্ধের নির্দেশ
আদালত হবিগঞ্জের মাধবপুর, চুনারুঘাট ও বাহুবল উপজেলার নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশ দিয়েছেন, যেন খনিগুলো থেকে সিলিকা বালুর অবৈধ, অননুমোদিত এবং নির্বিচার উত্তোলন কার্যক্রম অবিলম্বে বন্ধ করা হয়।

রুলে যা জানতে চাওয়া হয়েছে
রুলে জানতে চাওয়া হয়েছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের ২০১৩ সালের ২৭ জুনের গেজেট অনুযায়ী এই তিন উপজেলার সিলিকা বালু খনি থেকে অবৈধ উত্তোলন প্রতিরোধে বিবাদীদের ব্যর্থতাকে কেন বেআইনি ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না।

বেলার বক্তব্য
বেলা জানায়, ২০১৩ সালের ২৩ জুন প্রকাশিত গেজেট নোটিফিকেশন অনুযায়ী হবিগঞ্জ জেলায় মোট ২৩টি সিলিকা বালুমহাল রয়েছে, যার অধিকাংশই চা বাগানের ভেতরে অবস্থিত। এসব স্থান থেকে অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।

মোঃ আশরাফুল আলম