নিজস্ব প্রতিবেদক | ঢাকা
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, “হাজিরা আল্লাহর মেহমান। তাদের খেদমত করতে পারা অত্যন্ত সৌভাগ্য ও মর্যাদার বিষয়। তাই নিজের মাতা-পিতার মতো করে হজযাত্রীদের সেবা করতে হবে।”
রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলনকক্ষে বেসরকারি হজ গাইডদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেবার মান ও পুরস্কার ঘোষণা
মন্ত্রী বলেন, “হাজিদের সন্তুষ্ট করতে পারলে মহান আল্লাহ উত্তম প্রতিদান দেবেন। আর যথাযথ সেবা না দিয়ে তাদের কষ্ট দিলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।”
তিনি ঘোষণা দেন, চলতি বছর সরকারি-বেসরকারি নির্বিশেষে হজযাত্রীদের সর্বোত্তম সেবা দেওয়া তিনজন হজ গাইডকে তিনি ব্যক্তিগতভাবে পুরস্কৃত করবেন। প্রথম স্থান অর্জনকারীকে ৫ লাখ, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ৩ লাখ এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ২ লাখ টাকা প্রদান করা হবে।
সুষ্ঠু হজ ব্যবস্থাপনার অঙ্গীকার
ধর্মমন্ত্রী আরও বলেন, “বিএনপি সরকারের অধীনে ২০২৬ সালের হজ ব্যবস্থাপনা যেন সুষ্ঠু, সাবলীল ও মসৃণভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে শতভাগ আন্তরিক থাকতে হবে। হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের শৈথিল্য বা উদাসীনতা বরদাশত করা হবে না।”
অনুষ্ঠানে হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব আয়াতুল ইসলাম, যুগ্মসচিব ড. মঞ্জুরুল হক, পরিচালক (হজ) লোকমান হোসেন এবং হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন।










