নগর প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরে মো. ইব্রাহীম নামে এক তরুণকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহত তরুণের বন্ধুরা দাবি করেছেন, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক এবং জুলাই গণ-অভ্যুত্থানের একটি হত্যা মামলার সাক্ষী।
যেভাবে হামলা
হামলার সময় ইব্রাহীমের সঙ্গে থাকা আরিফ আহমেদ নামে এক স্কুলশিক্ষক জানান, তারাবির নামাজের পর তারা ময়ূর ভিলার সামনে একটি দোকানে চা পান করছিলেন। এসময় মুখে গামছা বাঁধা চারজন দুর্বৃত্ত এসে এলোপাতাড়ি কোপানো শুরু করে। ইব্রাহীমের হাতে ও মাথায় গুরুতর আঘাত লেগেছে।
তাকে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।
হামলার কারণ নিয়ে দুই ধরনের বক্তব্য
আহতের বন্ধুরা দাবি করেছেন, ইব্রাহীম জুলাই আন্দোলনের একটি হত্যা মামলার সাক্ষী হওয়ায় তাকে দীর্ঘদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল। সেই শত্রুতার জেরেই এই হামলা চালানো হয়েছে।
তবে পুলিশ বলছে ভিন্ন কথা। ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, “প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, ময়ূর ভিলা এলাকায় একটি পরিত্যক্ত আওয়ামী লীগ অফিস বা তার সামনের জায়গায় দোকান বসানো নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই হামলা হয়েছে।”
তিনি আরও বলেন, কারা এই হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।









