ইংলিশ প্রিমিয়ার লিগে দুই ম্যাচ আগে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ম্যানচেস্টার সিটির ব্যবধান ছিল ৬ পয়েন্ট। সর্বশেষ ম্যাচে আর্সেনালের ড্রয়ের সুযোগ কাজে লাগিয়ে নিউক্যাসেল ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে সেই ব্যবধান দুই পয়েন্টে নামিয়েছে সিটি। এই জয়ের গুরুত্ব ‘বিশাল’ বললেন কোচ পেপ গার্দিওলা।
এ ম্যাচে নিকো ও’রেইলি জোড়া গোল করেছেন। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচ শেষের স্টপেজ টাইমে কিপার জিয়ানলুইজি দোনারুম্মা একটি সেভ না করলে পয়েন্ট ভাগাভাগি হতো। গার্দিওলা জানিয়েছেন, “নিউক্যাসেল একটি অবিশ্বাস্য দল, এটি ছিল বিশাল ম্যাচ। আমাদের ১১টি বাকি ম্যাচও এমন কঠিন যুদ্ধের মতো হবে।”
গার্দিওলা খেলোয়াড়দের পরামর্শ দিয়েছেন পরবর্তী ম্যাচের আগে জীবন উপভোগ করতে, “এই তিন দিনে কাইপিরিনহাস ও ডাইকুইরি (পানীয়) পান করো, জীবন উপভোগ করো। তারপর ঠিকঠাক অনুশীলন করে লিডসে যাও।”
স্প্যানিশ কোচ স্বীকার করেছেন, প্রিমিয়ার লিগের বাকি সময় চ্যালেঞ্জিং হবে, “শুধু পরবর্তী ম্যাচটি জেতো, এগিয়ে যাও এবং কখনো হাল ছেড়ো না। দশটি ম্যাচ বাকি, অনেক কিছু ঘটতে পারে।”
ম্যাচের শেষ দিকে নিউক্যাসেল চাপ সৃষ্টি করলে পরিবেশ থমথমে হয়ে উঠেছিল, তবে গার্দিওলা মনে করেন সমর্থকদের আবেগ ও সংযোগ সিটিকে তিন পয়েন্ট পেতে সাহায্য করেছে। ম্যাচে জোড়া গোল করা ও’রেইলি বলেছেন, “এখনও অনেক ম্যাচ বাকি, আমাদের প্রতিটি ম্যাচ গুরুত্বসহকারে খেলতে হবে।”
-এমইউএম










