রাজধানীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মীর হাজারীবাগের গুন্ডিগড় নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা একটি লেগুনাকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৯টার দিকে মীর হাজারীবাগের গুন্ডিগড় এলাকায় একটি লেগুনা যাত্রী নামাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির বাহাদুরশাহ পরিবহনের একটি বাস লেগুনাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে লেগুনার ভেতরে থাকা ও নামার অপেক্ষায় থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা দ্রুত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি হলেন আজিজুল ইসলাম (৪৫)। নিহত অপর ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক জানান, নিহতদের মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বলেন, “একটি লেগুনা যাত্রী নামানোর সময় বাহাদুরশাহ পরিবহনের বাসটি ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। আমরা ঘাতক বাসটি জব্দ করেছি এবং চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।”

লামিয়া আক্তার