স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর চার দিনে ৫০ কোটি টাকার ইয়াবা উদ্ধার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর সালাহউদ্দিন আহমদের মাদকবিরোধী কঠোর অবস্থানের সুফল মিলতে শুরু করেছে। গত চার দিনে মিয়ানমার সীমান্ত সংলগ্ন কক্সবাজারের বিভিন্ন এলাকায় বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে ১৫ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা। অভিযানে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি) ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ বছির আহম্মেদ নামে এক রোহিঙ্গাকে আটক করে। এর আগে শুক্রবার রাতে সীমান্ত পিলার-৩৬ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, বিজিবি সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
গত ১৮ ফেব্রুয়ারি উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে ৯ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করে। অভিযানের সময় মাদক কারবারিদের সাথে বিজিবির গোলাগুলির ঘটনা ঘটে। ৬৪ বিজিবির অধিনায়ক কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, ২৯ কোটি ৪০ লাখ টাকা মূল্যের এই চালানটি সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহত্তম উদ্ধার।
রামু থানা পুলিশ একটি নম্বরবিহীন মিনি ট্রাক ধাওয়া করে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে। এছাড়া রামুতে এক নারীর বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মাদক দমনে পুলিশ কোনো আপস করবে না।
গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকে সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র চোরাচালান রোধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেন। নিজের নির্বাচনী এলাকা কক্সবাজারের সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁর এই বিশেষ নজরদারির পরই নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন।
লামিয়া আক্তার