আগামী তিন দিনে ঢাকাসহ যে বিভাগে হতে পারে বজ্রবৃষ্টি

বসন্তে সাধারণত বৃষ্টির পরিমাণ কম থাকে, তবে এবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভিন্ন ইঙ্গিত দিয়েছে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই-তিন দিনে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে এই বৃষ্টি তাপমাত্রা কমিয়ে স্বস্তি আনতে না পারার সম্ভাবনা আছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রকাশিত পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরের লঘুচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বিষুবীয় ভারত মহাসাগর এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চ চাপবলয়ের বর্ধিতাংশ ভারতের বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আজ রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এরপর রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও তিন বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আবহাওয়া আংশিক মেঘলা ও শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এরপর রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

-এমইউএম