ঢাকা-৬ আসনে আইনশৃঙ্খলা ও ট্রাফিক নিয়ন্ত্রণে ডিসিদের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের বৈঠক

রাজধানীর ঢাকা-৬ আসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত করা, যানজট নিরসন এবং মাদক নির্মূলে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রতিমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার, অবৈধ দখল উচ্ছেদ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচল স্বাভাবিক রাখা এবং যানজট নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ও ট্রাফিক বিভাগের ডিসি, ওয়ারী বিভাগের ডিসি ও ট্রাফিক ডিসি, কোতোয়ালি, সূত্রাপুর ও গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ফুটপাত দখলমুক্ত রাখা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ঢাকা-৬ আসনকে বাসযোগ্য ও নাগরিকবান্ধব এলাকায় পরিণত করতে ভবিষ্যতেও এ ধরনের সমন্বয় সভা অব্যাহত থাকবে।

-এমইউএম