একুশে পদক ও বইমেলা উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি: আসছেন প্রধানমন্ত্রী

একই দিনে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা প্রদান ও বাঙালির প্রাণের মেলা উদ্বোধনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৬ ফেব্রুয়ারি সকালে তিনি দেশের বিশিষ্ট গুণীজনদের হাতে ‘একুশে পদক’ তুলে দেবেন এবং বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

সংস্কৃতি মন্ত্রী জানান, ২৬ ফেব্রুয়ারি সকালে রাজধানীর একটি নির্ধারিত মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত ব্যক্তিত্বদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৩টায় বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন তিনি।

নতুন সরকারের পক্ষ থেকে প্রকাশকদের জন্য বড় ধরনের সুখবর দেওয়া হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। সৃজনশীল প্রকাশনা শিল্পকে উৎসাহিত করতেই সরকারের পক্ষ থেকে এই বিশেষ ভর্তুকি দেওয়া হচ্ছে।

সরকারের উদার নীতি সত্ত্বেও মেলা আয়োজনে কিছুটা কালো মেঘ দেখা দিয়েছে। স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দে অস্বচ্ছতা এবং প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ার অভিযোগ তুলে মেলায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে প্রকাশকদের সংগঠন ‘প্রকাশক ঐক্য’। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এই সিদ্ধান্তের কথা জানায়। তবে একাডেমি ও মন্ত্রণালয় আশা করছে, আলোচনার মাধ্যমে এই সংকট দ্রুত নিরসন হবে।

সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমি জানিয়েছে, ২৬ ফেব্রুয়ারির অনুষ্ঠান ঘিরে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। মেলা প্রাঙ্গণে এখন স্টল নির্মাণের শেষ মুহূর্তের কাজ চলছে। কড়া নিরাপত্তার পাশাপাশি বইমেলার পরিবেশকে আরও পাঠকবান্ধব করার পরিকল্পনা নিয়েছে নতুন সরকার।

লামিয়া আক্তার