নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার নারাইছ গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন গ্রামবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৬ নম্বর সোয়াইর ইউনিয়নের নারাইছ গ্রামে গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নদী থেকে মাছ ধরাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে পার্শ্ববর্তী ভাটিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা মো. আলিমউদ্দিন তার ২৫-৩০ জন সহযোগী নিয়ে নারাইছ গ্রামে হামলা চালান বলে অভিযোগ রয়েছে।
গ্রামবাসীর দাবি, হামলাকারীরা রাতের অন্ধকারে গ্রামে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও ভাঙচুর চালায়। হামলায় দীপক সরকার, রঞ্জন সরকার, অঞ্জন সরকার ও সুমন তালুকদারসহ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার পথে নারাইছ গ্রামের সান্টু বিশ্বাস, সজিব দাস গুপ্ত ও জয় সেন সরকারকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন তাদের স্বজনরা। অভিযোগ রয়েছে, তাদের কাছ থেকে নগদ ৩৭ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে।
ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুরে গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বক্তারা হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা অভিযুক্ত মো. আলিমউদ্দিনের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
তবে অভিযুক্ত মো. আলিমউদ্দিনের বক্তব্য জানা সম্ভব হয়নি।
স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানিয়েছেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
-মহসিন মিয়া, নেত্রকোনা










