সেলিম খানের তথ্য প্রকাশে ক্ষুব্ধ সালমান খান

বলিউডের প্রভাবশালী চিত্রনাট্যকার সেলিম খানের শারীরিক অবস্থার কারণে গোটা বি-টাউন উদ্বিগ্ন। তবে বাবার অসুস্থতার খবরের চেয়ে তার ব্যক্তিগত স্বাস্থ্যগত তথ্য প্রকাশ্যে আসায় এবার ক্ষুব্ধ হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। হাসপাতাল কর্তৃপক্ষের ওপর রীতিমতো কড়া অসন্তোষ প্রকাশ করেছে পুরো খান পরিবার।

গত মঙ্গলবার সকালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয় প্রবীণ চিত্রনাট্যকারকে। এরপর হাসপাতালের চিকিৎসকরা নিয়মিত তার শারীরিক অবস্থার ‘হেলথ বুলেটিন’ গণমাধ্যমে প্রকাশ করছেন। সালমানের অভিযোগ, এটি পরিবারের অনুমতি ছাড়া ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন। খান পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সেলিম খান সকলের প্রিয় হলেও তার স্বাস্থ্য বিষয়ক তথ্য সম্পূর্ণ ব্যক্তিগত এবং তা শুধুমাত্র পরিবারই জানাবে।

সালমানের কড়া বার্তার পর হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে, আগামীতে আর কোনো মেডিকেল বুলেটিন প্রকাশ করা হবে না। গত দুই দিনে সেলিম খানের শারীরিক অবস্থায় কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, কোনো অস্ত্রোপচার প্রয়োজন হয়নি, ডিএসএ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি ভেন্টিলেশনে থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল, এবং দ্রুত উন্নতি হলে আইসিইউ-তে স্থানান্তর হতে পারেন।

বৃহস্পতিবার হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন সালমানের নতুন সিনেমা ‘ব্যাটল অব গলওয়ান’-এর অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংহ। তিনি সাংবাদিকদের আশ্বস্ত করে জানিয়েছেন, সেলিম খান বর্তমানে ভালো আছেন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

-বিথী রানী মণ্ডল