বগুড়ার শাজাহানপুর উপজেলার দ্বিতীয় বাইপাস বেতগাড়ি এলাকায় বাসের ধাক্কায় ইজিবাইক আরোহী এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় লাশ সড়কে রেখে কয়েক হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নেন। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বেতগাড়ি এলাকায় একটি দ্রুতগামী বাস পেছন থেকে একটি ইজিবাইককে ধাক্কা দিলে চালকসহ চারজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে একই পরিবারের তিনজন ছিলেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকা গৃহবধূ চামেলি খাতুন গতরাত ২টার দিকে মারা যান।
এই দুর্ঘটনায় চামেলি খাতুনের দুই বছরের শিশু সন্তান সোয়াদ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। চিকিৎসকরা আজ অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির ডান পা বিচ্ছিন্ন করেছেন। এ ছাড়া নিহতের মেয়ে নেহা এবং ইজিবাইক চালক সেলিম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, বেতগাড়ি বাইপাস মোড়টি দীর্ঘদিন ধরেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে নিয়মিত দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অবরোধ চলাকালে স্থানীয়রা অবিলম্বে এই মোড়ে একটি ফ্লাইওভার নির্মাণের দাবি জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্জ মোশাররফ হোসেন। তিনি জেলা প্রশাসন ও সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি ব্যক্তিগত পক্ষ থেকে আহত শিশু সোয়াদের চিকিৎসার জন্য ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন এবং বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করার আশ্বাস দেন।
সংসদ সদস্যের আশ্বাসে বেলা ১১টার দিকে জনতা অবরোধ তুলে নিলেও, দাবি পূরণ না হলে পুনরায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
-লামিয়া আক্তার










