স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণ দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, “মানুষকে আর ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তার মানুষের পেছনে ঘুরবে। চিকিৎসাসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামে নিজ বাড়িতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চিকিৎসা সেবাকে সহজলভ্য ও সার্বজনীন করা হবে। রাজনৈতিক প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে মুক্তিযুদ্ধের সব পক্ষকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “ভোট যারা দিয়েছেন এবং যারা দেননি-সবার প্রতিই আমাদের সমান দায়িত্ব রয়েছে।”
নিজ জেলা নরসিংদীর স্বাস্থ্য খাতের উন্নয়নে মন্ত্রী বেশ কিছু বড় প্রকল্পের ঘোষণা দেন: নরসিংদীতে একটি নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে। শুধু নরসিংদী নয়, সারা দেশের যেখানে প্রয়োজন সেখানেই মেডিকেল কলেজ করা হবে।
আইসিইউ ও শয্যা বৃদ্ধি: নরসিংদীতে ২টি আইসিইউ ইউনিট স্থাপন এবং ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালসহ যেসব স্বাস্থ্যকেন্দ্র পূর্ণাঙ্গভাবে চালু হয়নি, সেগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রণালয় পরিচালনার ক্ষেত্রে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, স্বাস্থ্য খাতের বিদ্যমান সিন্ডিকেট ভেঙে ফেলা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে সাধারণ মানুষের আস্থার জায়গায় ফেরানো হবে সরকারি হাসপাতালগুলোকে।
এর আগে সকালে মন্ত্রী নিজ গ্রামে পৌঁছালে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহসহ স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রিয় নেতাকে কাছে পেয়ে দীর্ঘদিনের দাবিনামা তুলে ধরেন স্থানীয় সাধারণ মানুষ।