কাহো না প্যায়ার হ্যায়’-এর সহকারী পরিচালক এমএম বেগের অকাল মৃত্যু

নিজ বাড়ি থেকে বলিউডের সহকারী পরিচালক এমএম বেগের পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সংবাদসংস্থা পিটিআই-কে বিষয়টি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ সহকর্মী হানি জাভেরি। জানা গেছে, দীর্ঘদিন ধরে একাই বসবাস করছিলেন বেগ এবং সম্প্রতি তার শারীরিক অবস্থা খারাপ ছিল।

কয়েকদিন ধরে তাকে বাইরে দেখা না যাওয়ায় উদ্বিগ্ন হন প্রতিবেশীরা। বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে তারা পুলিশকে খবর দেন। পুলিশ দরজা ভেঙে প্রবেশ করলে বেগের মরদেহ উদ্ধার করা হয়। হানি জাভেরি জানান, বেগের কন্যাকে খবর দেওয়া হয় এবং রাত দেড়টা থেকে দুইটার মধ্যে মরদেহ ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে পাঠানো হয়।

বলিউডে সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করা এমএম বেগ ‘কাহো না প্যায়ার হ্যায়’-এর প্রাক্কালে হৃত্বিক রোশনকে সংলাপ বলার প্রশিক্ষণ দিয়েছিলেন। তিনি ‘আদমি খিলোনা হ্যায়’ (১৯৯৩), ‘কালা বাজার’ (১৯৮৯), ‘কিষেন কানহাইয়া’ (১৯৯০)সহ বহু সিনেমায় কাজ করেছেন। এছাড়াও নাসিরুদ্দিন শাহকে নিয়ে ‘মাসুম গাওয়াহ’ পরিচালনা করেছেন।

মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই শোক সংবাদে বলিউড সহকর্মী ও ভক্তরা দুঃখ প্রকাশ করেছেন।

-বিথী রানী মণ্ডল