অ্যাকশন ক্যামেরা নির্মাতা গোপ্রোর নতুন প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে ব্রায়ান ট্র্যাটকে নিয়োগ দিয়েছে। আগামী ১৭ মার্চ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। খবর রয়টার্সের।
বর্তমান সিএফও ব্রায়ান ম্যাগি, যিনি ২০১৫ সালে চিপ নির্মাতা প্রতিষ্ঠান কুয়ালকম থেকে গোপ্রোতে যোগ দিয়েছিলেন, তিনি এখন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন এবং প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবেও কাজ চালিয়ে যাবেন।
৪২ বছর বয়সী ব্রায়ান ট্র্যাট ২০১২ সাল থেকে গোপ্রোর সঙ্গে যুক্ত আছেন। তিনি ভাইস প্রেসিডেন্ট অব ফাইন্যান্স হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে কর্পোরেট কন্ট্রোলার এবং সিনিয়র ডিরেক্টর অব এফপিঅ্যান্ডএসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
গোপ্রোতে যোগ দেওয়ার আগে ট্র্যাট অডিট ম্যানেজার হিসেবে কাজ করেছেন বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান কেপিএমজি-এ।
কোম্পানিটি জানিয়েছে, এই নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে তারা আর্থিক ব্যবস্থাপনায় ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যৎ প্রবৃদ্ধি কৌশল বাস্তবায়নে মনোযোগ দেবে।
-সাবরিনা রিমি










