লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়ামে জায়গা পাবে ইউটিউবে আপলোড হওয়া প্রথম ভিডিও। এটি ২০০৫ সালে ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা, বাংলাদেশি বংশোদ্ভূত সফটওয়্যার প্রকৌশলী জাভেদ করিম আপলোড করেছিলেন।
ভিডিওটির নাম ‘মি এট দা জো’, যা যুক্তরাষ্ট্রের সান দিয়েগো চিড়িয়াখানায় ধারণ করা হয়েছিল। মাত্র ১৯ সেকেন্ডের এই ভিডিওটি ৩৮২ মিলিয়ন বার দেখা হয়েছে এবং ১৮ মিলিয়নের বেশি লাইক পেয়েছে। ভিডিওতে করিম হাতিদের শুঁড়ের আকর্ষণীয় বৈশিষ্ট্য নিয়ে সংক্ষিপ্ত মন্তব্য করেছেন।
ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়ামের মুখপাত্র জানিয়েছেন, জাদুঘরে ইউটিউবের প্রাথমিক ওয়াচ পেজ ও ব্যবহারকারীর অভিজ্ঞতা পুনর্নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে কয়েকটি সংস্থা একত্রে কাজ করছে।
ইউটিউবের প্রধান নির্বাহী নীল মোহন বলেন, “শুরুর ওয়াচ পেজ পুনর্নির্মাণ কেবল একটি ভিডিও প্রদর্শন নয়, বরং মানুষকে বৈশ্বিক ও সাংস্কৃতিক বিপ্লবের প্রাথমিক সময়ের সঙ্গে পরিচয় করানো।”
-বেলাল









