২৫ লক্ষ মানুষের জীবন, কৃষি ও অর্থনীতির সুরক্ষায় টেকসই সমাধান এখন সময়ের দাবি

উপকূলীয় জনপদের নিরাপত্তা ও জীবিকার অন্যতম ভরসা মুছাপুর ক্লোজার। প্রায় ২৫ লক্ষ মানুষের জীবন, কৃষি উৎপাদন ও স্থানীয় অর্থনীতির সঙ্গে জড়িত এই গুরুত্বপূর্ণ অবকাঠামো দীর্ঘদিন ধরে জোয়ার-ভাটা, লবণাক্ততা ও নদীভাঙনের ঝুঁকি মোকাবেলায় ভূমিকা রেখে আসছে। তবে সাম্প্রতিক সময়ে কাঠামোগত দুর্বলতা, পলি জমা ও পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাব নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় কৃষকরা জানান, ক্লোজার সঠিকভাবে কার্যকর না হলে লবণাক্ত পানি প্রবেশ করে ফসলের ব্যাপক ক্ষতি হয়। এতে ধান, সবজি ও অন্যান্য আবাদি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মৎস্য খাতেও নেতিবাচক প্রভাব পড়ে। ব্যবসায়ীরা বলছেন, কৃষি উৎপাদন কমে গেলে বাজারব্যবস্থা ও ক্ষুদ্র ব্যবসায়ও ধাক্কা লাগে, যা পুরো এলাকার অর্থনীতিকে দুর্বল করে তোলে।

বিশেষজ্ঞদের মতে, অস্থায়ী সংস্কার নয় দীর্ঘমেয়াদি ও বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা গ্রহণ জরুরি। ক্লোজারের কাঠামোগত শক্তিশালীকরণ, নিয়মিত ড্রেজিং, আধুনিক মনিটরিং ব্যবস্থা এবং সমন্বিত পানি ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণের মাধ্যমে স্থায়ী সমাধান নিশ্চিত করা সম্ভব। পাশাপাশি উপকূলীয় সবুজ বেষ্টনী গড়ে তোলা ও জনগণের অংশগ্রহণমূলক তদারকি ব্যবস্থাও কার্যকর হতে পারে।

এলাকাবাসীর দাবি, দ্রুত সমন্বিত উদ্যোগ নিয়ে মুছাপুর ক্লোজারকে টেকসই ও আধুনিকায়নের আওতায় আনা হোক। কারণ এই অবকাঠামোর সুরক্ষা মানেই লাখো মানুষের জীবন-জীবিকা ও অর্থনৈতিক স্থিতিশীলতার সুরক্ষা। এখন সময় অস্থায়ী সমাধান নয়, স্থায়ী ও টেকসই উদ্যোগ গ্রহণের।

হামিদুল হক (রিপন), নোয়াখালী