এআইতে সাধারণ সেলফিই হবে পেশাদার ‘বড়দিনের পোর্ট্রেট’

বড়দিনের আনন্দ আর উৎসবের আমেজকে ফ্রেমবন্দি করতে এখন আর স্টুডিওতে যাওয়ার প্রয়োজন নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির কল্যাণে আপনার স্মার্টফোনে থাকা সাধারণ একটি সেলফিই এখন হয়ে উঠতে পারে পেশাদার মানের বড়দিনের পোর্ট্রেট। গুগলের ‘ন্যানো ব্যানানা’ বা ওপেনএআই-এর মতো উন্নত ইমেজ টুল ব্যবহার করে ঘরে বসেই তৈরি করা সম্ভব চমৎকার সব উৎসবমুখর ছবি।

কীভাবে তৈরি করবেন আপনার বিশেষ পোর্ট্রেট?

বড়দিনের বিশেষ ছবি তৈরির প্রক্রিয়াটি বেশ সহজ। এর জন্য প্রথমে পছন্দের কোনো এআই ইমেজ জেনারেশন টুল বেছে নিতে হবে। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন:

  • ছবি আপলোড: শুরুতেই আপনার পছন্দের একটি পরিষ্কার সেলফি টুলটিতে আপলোড করুন।

  • বিস্তারিত প্রম্পট প্রদান: ছবি আপলোডের পর এআই-কে নির্দিষ্ট করে বলে দিতে হবে আপনি কী ধরনের পরিবর্তন চান। যেমন—ছবির ব্যাকগ্রাউন্ডে ‘হলিডে লাইটিং’, ‘সোনালি আভা’ বা ‘চিরসবুজ ক্রিসমাস গাছের ডাল’ যুক্ত করার নির্দেশনা দিতে পারেন।

  • পরিচয় ঠিক রাখা: ছবির ব্যক্তির মূল অবয়ব ঠিক রাখতে প্রম্পটে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যেন—মুখাবয়ব, ত্বকের রং এবং অভিব্যক্তি অপরিবর্তিত থাকে।

  • আবহাওয়া ও পোশাক: চাইলে প্রম্পটের মাধ্যমে ছবিতে হালকা তুষারপাত, শীতের পোশাক এবং উৎসবের উষ্ণ ও শীতল রঙের মিশ্রণ যোগ করে আরও বাস্তবধর্মী করে তোলা সম্ভব।

কেমন সেলফি বেছে নেবেন?

একটি নিখুঁত ক্রিসমাস পোর্ট্রেট পাওয়ার জন্য ছবির গুণগত মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এআই বিশেষজ্ঞরা বলছেন, এমন সেলফি বেছে নেওয়া উচিত যেখানে মুখমণ্ডল স্পষ্ট দেখা যায়।

মুখ স্পষ্ট থাকলে এআই সহজেই ত্বকের টেক্সচার এবং গঠন শনাক্ত করতে পারে। এতে ব্যক্তির নিজস্ব বৈশিষ্ট্য হারানো ছাড়াই একটি বাস্তবধর্মী এবং নান্দনিক ক্রিসমাস কার্ডের মতো ছবি তৈরি করা সহজ হয়। তাই ভালো ফলাফলের জন্য আবছা বা অন্ধকার ছবির বদলে পর্যাপ্ত আলোয় তোলা সেলফি ব্যবহার করা উচিত।

-এম. এইচ. মামুন