ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য এআই সম্মেলনে মূল বক্তব্য দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করেছেন প্রযুক্তি উদ্যোক্তা ও দাতব্য সংস্থার প্রধান বিল গেটস। আয়োজিত “ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট”-এ বৃহস্পতিবার তার কীনোট ভাষণ দেওয়ার কথা ছিল।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিল গেটস সম্মেলনে উপস্থিত থাকবেন না। তার প্রতিষ্ঠিত বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, “এআই সামিটের মূল অগ্রাধিকারগুলোর ওপর যেন ফোকাস থাকে, তা নিশ্চিত করতেই তিনি ভাষণ দেবেন না।” তবে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
এর আগে সম্মেলনটি বিভিন্ন সাংগঠনিক ত্রুটি, একটি রোবট প্রদর্শনী সংক্রান্ত জটিলতা এবং ভিআইপি চলাচলের কারণে প্রতিনিধিদের অভিযোগে সমালোচনার মুখে পড়ে।
এই বাতিল ঘোষণার প্রেক্ষাপটে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কিছু ইমেইল প্রকাশ করে, যেখানে প্রয়াত অর্থদাতা ও দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে গেটস ফাউন্ডেশনের কর্মীদের যোগাযোগের তথ্য উঠে আসে। নথি অনুযায়ী, এপস্টেইনের কারাদণ্ডের পরও বিল গেটসের সঙ্গে তার একাধিকবার সাক্ষাৎ হয়েছিল এবং দাতব্য কার্যক্রম সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছিল।
বিল গেটস পূর্বে বলেছেন, এপস্টেইনের সঙ্গে তার সম্পর্ক কেবল দাতব্য কার্যক্রমসংক্রান্ত আলোচনাতেই সীমাবদ্ধ ছিল এবং তার সঙ্গে দেখা করা একটি ভুল সিদ্ধান্ত ছিল।
উল্লেখ্য, ২০০০ সালে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও তার তৎকালীন স্ত্রী এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। বৈশ্বিক স্বাস্থ্য খাতে এটি বিশ্বের অন্যতম বৃহৎ অর্থায়নকারী সংস্থা হিসেবে পরিচিত। বর্তমানে বিল গেটস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সূত্র: রয়টার্স
সাবরিনা রিমি/










