ইউরোপের মঞ্চে চমক দেখাল নরওয়ের পুঁচকে ক্লাব বোডো

ইউরোপের মঞ্চে আবারও চমক দেখাল নরওয়ের পুঁচকে ক্লাব বোডো/গ্লিম্ট। প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিয়েই জানুয়ারিতে ম্যানচেস্টার সিটি–কে হারিয়ে আলোচনায় আসে তারা। এবার সেই তালিকায় যুক্ত হলো ইতালির জায়ান্ট ইন্টার মিলান–এর নামও।

প্লে–অফের প্রথম লেগে ৩-১ গোলের জয় তুলে নিয়ে বড় ধাক্কা দিয়েছে বোডো/গ্লিম্ট। ম্যাচের শুরুতে অবশ্য ২০ মিনিটেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। মিডফিল্ডার সোন্দ্রে ব্রান্সটাডের দারুণ ফিনিশিংয়ে এগিয়ে যায় ইন্টার। তবে ১০ মিনিটের মধ্যেই সমতা ফেরান পিও এস্পোসিতো।

দ্বিতীয়ার্ধেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় নরওয়ের ক্লাবটি। ৬১ ও ৬৪ মিনিটে দ্রুত দুটি গোল করে তারা। দ্রুত পাসিং ও নিঃস্বার্থ অ্যাসিস্টে গোল করেন জেন্স পিটার হাউগ ও ক্যাসপার হগ। ৮ হাজার ধারণক্ষমতার আস্পমাইরা স্টেডিয়াম তখন উল্লাসে ফেটে পড়ে।

পরিসংখ্যানে ৫৫ শতাংশ বল দখল ও ১১টি শট নিয়ে কিছুটা এগিয়ে ছিল ইন্টার। তবে স্বাগতিকদের ৮ শটের মধ্যে ৬টিই ছিল লক্ষ্যে। কার্যকারিতায় পিছিয়ে পড়েই হার দেখতে হয় ইতালিয়ান (সিরি আ) টেবিল টপারদের। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সপ্তম জয়ের আশা ভঙ্গ হয় তাদের।

এর আগে একই মাঠে কঠিন পরীক্ষায় পড়েছিল পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি। পাশাপাশি স্পেনের অ্যাতলেটিকো মাদ্রিদ–কেও তাদের মাঠে হারিয়েছে বোডো/গ্লিম্ট। মাত্র ৫৫ হাজার জনসংখ্যার মাছ ধরার শহর বোডো এবার ফুটবল রূপকথার জন্যও পরিচিত হতে চলেছে।

শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে হবে ইন্টারকে। আগামী মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজেদের মাঠে বোডো/গ্লিম্টকে আতিথ্য দেবে তারা। অভিষেক আসরটিকে আরও রঙিন করে তুলতে নরওয়ের ক্লাবটি সেখানে আরেকটি রূপকথা লেখার স্বপ্ন দেখছে।

-এমইউএম