ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে তিনি পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
পোস্টে ইরফান সরাসরি লিখেছেন, “বাচ্চারা তোমরা যারা আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাশ করে গেছো, আল্লাহর ওয়াস্তে পড়তে বসো! এই লোক কি জিনিস, তোমাদের কোন আইডিয়া নাই!” পোস্টের সঙ্গে তিনি সদ্য দায়িত্ব পাওয়া শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন-এর একটি ছবি যুক্ত করেছেন।
অভিনেতা অতীতের অভিজ্ঞতাও স্মরণ করান। তিনি উল্লেখ করেন, “আমাদের এসএসসি পরীক্ষার সময় পাসের হার ছিল মাত্র ২৮ শতাংশ। সেই সময়ে এই ভদ্রলোক (এহসানুল হক মিলন) ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী।” তাঁর এই মন্তব্য প্রকাশিত হবার পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে।
মন্তব্য ঘরে নেটিজেনদের প্রতিক্রিয়া মিশ্র। কেউ পুরনো দিনের কঠোর পরীক্ষাব্যবস্থার প্রসঙ্গ তুলেছেন, আবার কেউ রসিকতার সুরে বলেছেন, “সবাই যদি পড়াশোনায় ব্যস্ত হয়ে যায়, নাটক দেখবে কে?” এসব প্রতিক্রিয়ার মধ্য দিয়ে ইরফানের পোস্ট আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।
ইরফান সাজ্জাদের সতর্কবার্তা কেবল শিক্ষার্থীদের নয়, অভিভাবক ও শিক্ষকদের জন্যও এক ধরনের “রিয়েলিটি চেক” হিসেবে কাজ করছে। বর্তমান সময়ে প্রযুক্তির সহজলভ্যতার কারণে অনেক শিক্ষার্থী মনোযোগ হারাচ্ছে, এমনটাই মনে করছেন অনেকে। তার জনপ্রিয়তার কারণে সামাজিক মাধ্যমে এই বার্তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং শিক্ষাব্যবস্থা ও পড়াশোনা নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে।
-বিথী রানী মণ্ডল










