ফ্রান্সের শীর্ষ প্রযুক্তি ও আইটি পরামর্শ প্রতিষ্ঠান ক্যাপজেমিনি যুক্তরাষ্ট্রে তাদের একটি সহপ্রতিষ্ঠান বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। রোববার প্রতিষ্ঠানটি জানায়, তারা তাদের মার্কিন ইউনিট ক্যাপজেমিনি গভর্নমেন্ট সলিউশনস বিক্রি করছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই (ICE)-এর সঙ্গে করা একটি চুক্তি নিয়ে ব্যাখ্যার চাপে ছিল ক্যাপজেমিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে টানা বিক্ষোভের জেরে আইসিইয়ের বিরুদ্ধে সমালোচনা বাড়লে সেই চাপ আরও তীব্র হয়।
এক বিবৃতিতে ক্যাপজেমিনি জানায়, যুক্তরাষ্ট্রে গোপন সরকারি কার্যক্রম সংশ্লিষ্ট ফেডারেল সংস্থার সঙ্গে চুক্তির ক্ষেত্রে যে আইনি বাধ্যবাধকতা রয়েছে, তা ওই সহপ্রতিষ্ঠানের কিছু কার্যক্রমের ওপর প্রয়োজনীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করছিল। এর ফলে গ্রুপের সামগ্রিক লক্ষ্য ও নীতির সঙ্গে কার্যক্রমের সামঞ্জস্য নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।
এই বাস্তবতা বিবেচনায় নিয়েই যুক্তরাষ্ট্রের ওই সহপ্রতিষ্ঠান বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্যাপজেমিনি।
সূত্র: রয়টার্স
সাবরিনা রিমি/










