সপ্তাহের ব্যবধানে জবির আরও ১ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর গেন্ডারিয়া এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আরও এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই শিক্ষার্থীর নাম ইমরান নাবিল। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের (১২তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) গেন্ডারিয়ার ধূপখোলা এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান।

তিনি জানান, গেন্ডারিয়ার ধূপখোলা এলাকার মনিজা রহমান স্কুলের পাশের রজনী চৌধুরী রোডের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠিয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ্য, মাত্র ৮ দিন আগে গত ৮ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার সূত্রাপুরের কলতাবাজার এলাকার একটি মেস থেকে জবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী রাকিবার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছিল। এক সপ্তাহের সামান্য বেশি সময়ের ব্যবধানে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে সাধারণ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পরিবারে গভীর শোক বিরাজ করছে।

-বেলাল