শিক্ষার্থীদের একাডেমিক পরিবেশ রক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাসে সাউন্ড বক্স বাজানো এবং খেলাধুলাসহ সব ধরনের শোরগোল সৃষ্টিকারী কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে ক্লাস, পরীক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সাউন্ড বক্স ও মাইক ব্যবহারসহ উচ্চশব্দে খেলাধুলা নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের ভেতরে কোনো প্রকার মাইক বা সাউন্ড বক্স বাজানো যাবে না। একই সঙ্গে এই সময়ের মধ্যে এমন কোনো খেলাধুলা বা কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না, যা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও গবেষণার পরিবেশকে বিঘ্নিত করে। শিক্ষার গুণগত মান ও শিক্ষার্থীদের একাগ্রতা বজায় রাখতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে নির্ধারিত সময়ের বাইরে কোনো বিশেষ অনুষ্ঠান বা কর্মকাণ্ড পরিচালনা করতে হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে পূর্বানুমতি গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশনা কার্যকর করতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগীয় প্রধান এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অনেক সময় উচ্চশব্দে গান বাজানো বা হট্টগোলের কারণে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষায় ব্যাঘাত ঘটে। সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগ ও পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মালিহা










