১০ কোটি টাকার চাঁদা, নইলে হত্যা—এই ভয়ংকর হুমকির মধ্যেই আবারও আলোচনায় এসেছেন পাঞ্জাবি অভিনেত্রী ও গায়িকা হিমাংশি খুরানা। তবে এবার কোনো গান বা সিনেমার জন্য নয়; বরং নিরাপত্তা-সংক্রান্ত একটি গুরুতর ঘটনার কারণে তিনি খবরের শিরোনামে। অভিযোগ অনুযায়ী, তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়েছে।
১৯৯১ সালের ২৭ নভেম্বর ভারতের পাঞ্জাবের কিরতপুর সাহিবে জন্ম নেওয়া হিমাংশি খুব অল্প বয়স থেকেই মডেলিংয়ের সঙ্গে যুক্ত হন। মাত্র ১৬ বছর বয়সেই তিনি বিভিন্ন বিউটি প্যাজেন্টে অংশ নেওয়া শুরু করেন। ২০১০ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার ফাইনালে উঠলেও ২০১১ সালে ‘মিস লুধিয়ানা’ হওয়ার পরই তিনি মূলধারার বিনোদন জগতে পরিচিতি পান।
সংগীতজগতে তার জনপ্রিয়তা শুরু হয় পাঞ্জাবি মিউজিক ভিডিওর মাধ্যমে। ২০১০ সালে ‘জুড়ি-বিগ ডে পার্টি’ গান দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর জনপ্রিয় শিল্পী হার্ডি সান্ধু-র সঙ্গে কাজ করে ব্যাপক সাফল্য পান। তাঁদের ‘সোচ’ গানটি তাঁকে ঘরে ঘরে পরিচিত করে তোলে। পরবর্তীতে জাসি গিল, বাদশাহ ও নিনজা-র মতো শিল্পীদের সঙ্গে কাজ করে পাঞ্জাবি সংগীত জগতে নিজের অবস্থান আরও শক্ত করেন।
অভিনয়েও তিনি সমানভাবে সফল। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে পাঞ্জাবি সিনেমা সাদা হক। এরপর ধীরে ধীরে বলিউডেও কাজ শুরু করেন এবং একজন পারফরমার হিসেবে নিজের অবস্থান তৈরি করেন। তবে ভারতজুড়ে তাঁর জনপ্রিয়তা সবচেয়ে বেশি বাড়ে রিয়েলিটি শো বিগ বস ১৩-এ অংশ নেওয়ার পর। শোতে তাঁর ব্যক্তিত্ব, স্পষ্টভাষিতা এবং সহপ্রতিযোগী অসিম রিয়াজ-এর সঙ্গে সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা হয়।
সাম্প্রতিক ঘটনায় জানা গেছে, হিমাংশি খুরানা প্রাণনাশের হুমকি পেয়েছেন এবং তার কাছে প্রায় ১০ কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে। অভিযোগ রয়েছে, এই হুমকির পেছনে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং-এর ঘনিষ্ঠ কেউ জড়িত থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
এই ঘটনার পর ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও হিমাংশি তার কাজ চালিয়ে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, তিনি শক্তভাবে পরিস্থিতির মোকাবিলা করবেন। সব মিলিয়ে, হুমকির মধ্যেও নিজের পেশাগত জীবন অব্যাহত রেখে তিনি আবারও প্রমাণ করেছেন—চ্যালেঞ্জ যতই আসুক, তিনি থেমে থাকার মানুষ নন।
-বিথী রানী মণ্ডল










