দুই ওপেনার দ্রুত বিদায় নিলেও দারুণ প্রতিরোধ গড়ে আফগানিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শোয়েব খানের ঝড়ো অর্ধশতকে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬০ রান তোলে দলটি। ফলে টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৬১ রান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে আমিরাতকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। শুরুতেই ধাক্কা খায় আমিরাত। দলীয় রানে কোনো যোগ হওয়ার আগেই আরিয়ানশ শর্মাকে ফেরান আজমতউল্লাহ ওমরজাই। এরপর ১৩ রানে অধিনায়ক ওয়াসিমও মুজিবের শিকার হন।

এই বিপর্যয় সামাল দেন আলিশান শারাফু ও শোয়েব খান। তাদের ৮৪ রানের জুটিতে ম্যাচে ফেরে আমিরাত। ৩১ বলে ৪০ রান করে শারাফু বিদায় নিলেও শোয়েব একপ্রান্ত ধরে রেখে ৪৮ বলে ৬৮ রানের দারুণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা।
শেষ দিকে ব্যাটাররা বড় রান করতে না পারায় স্কোর ১৬০-এর বেশি যায়নি। দুই হায়দার সমান ১৩ রান করেন। হর্ষিত ও আরফান শূন্য রানে আউট হন।
আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই। দুটি উইকেট পান মুজিব উর রহমান এবং একটি উইকেট নেন রশিদ খান।
-এমইউএম










