রাসায়নিক কারখানায় আগুন: নিহত সাত

ভারতের রাজস্থান রাজ্যের ভিওয়াড়ি শহরের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতজন শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজ্যের খুশখেরা-করোলি শিল্প এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ভারতের সংবাদ সংস্থা পিটিআই ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্থানীয় প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের সময় কারখানার ভেতরে মোট নয়জন শ্রমিক কাজ করছিলেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমিতা মিশ্রা জানান, নিয়মিত টহলের সময় পুলিশ প্রথম আগুনের খবর পায় এবং দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। তবে রাসায়নিকের উপস্থিতিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হয়। খবর হিন্দুস্তান টাইমসের।

এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুজন শ্রমিক এখনো কারখানার ভেতরে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ও উদ্ধারকারী দল কাজ চালিয়ে যাচ্ছে।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শিল্প এলাকায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত ছিল কি না, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

-এম এইচ মামুন