আধাঘণ্টায় শেয়ারবাজারের লেনদেন ছাড়ালো ৩০০ কোটি

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের পর প্রথম কার্যদিবস শেয়ারবাজারে বড় উত্থানের পর সোমবার (১৬ ফেব্রুয়ারি) দ্বিতীয় কার্যদিবসের শুরুতে ডিএসই ও সিএসইতে লেনদেনে তীব্র অস্থিরতা দেখা গেছে। তবে লেনদেনের গতি ছিল ভালো।

ডিএসইতে প্রথম আধাঘণ্টার লেনদেনে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। প্রধান সূচক প্রায় ৫০ পয়েন্ট বৃদ্ধি পায়। লেনদেনের এই সময়েই মোট লেনদেন ৩০০ কোটি টাকা ছাড়ায়। তবে আধাঘণ্টার পরে কিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম কমে গেলে সূচকও ঋণাত্মক হয়ে যায়। এ সময় পর্যন্ত ১৩৪টি প্রতিষ্ঠানের দাম বাড়লেও, ২১০টির দাম কমেছে এবং ৪০টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান সূচক ১৩ পয়েন্ট কমেছে, ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট ও ডিএসই শরিয়াহ্ সূচক ৬ পয়েন্ট কমেছে। মোট লেনদেন হয়েছে ৪১২ কোটি ৩২ লাখ টাকা।

অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বাড়ার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকায় সার্বিক সূচক (সিএএসপিআই) ৪৭ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ২ কোটি ৬৪ লাখ টাকা। ৯৯ প্রতিষ্ঠানের মধ্যে ৫৯টির দাম বেড়েছে, ৩০টির দাম কমেছে এবং ১০টির দাম অপরিবর্তিত রয়েছে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হওয়া এবং নতুন সরকারের দ্রুত নীতিগত নির্দেশনার আশায় বিনিয়োগকারীরা বাজারে ফিরে এসেছেন। নির্বাচনের আগে টানা কয়েক মাস স্থবিরতা ও আস্থাহীনতার কারণে অনেক বিনিয়োগকারী সাইডলাইনে ছিলেন, যা নির্বাচনের ফলাফলের পর বদলেছে।

-এমইউএম