ওবামা দম্পতিকে ‘বানর’ সাজিয়ে ভিডিও পোস্ট ট্রাম্পের: চটেছেন ওবামা

মার্কিন রাজনীতিতে শিষ্টাচার ও শালীনতার চরম অবনতি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তাকে ও তার স্ত্রী মিশেল ওবামাকে নিয়ে শেয়ার করা একটি ‘বর্ণবিদ্বেষী’ ভিডিওর পরিপ্রেক্ষিতে এই কড়া প্রতিক্রিয়া জানান তিনি। ওবামার মতে, এক সময় সরকারি কর্মকর্তাদের মধ্যে যে লজ্জা ও সৌজন্যবোধ কাজ করত, তা এখন স্রেফ ‘ভাঁড়ামিতে’ (ক্লাউন শো) পরিণত হয়েছে।

সম্প্রতি ট্রাম্পের অ্যাকাউন্টে শেয়ার করা ৬২ সেকেন্ডের একটি ভিডিওতে ওবামা দম্পতিকে ‘বানর’ হিসেবে উপস্থাপন করা হয়। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছিল ‘দ্য লায়ন স্লিপস টুনাইট’ গানটি। এই পোস্টের পর ডেমোক্র্যাট তো বটেই, এমনকি অনেক রিপাবলিকান নেতার মধ্যেও তীব্র অসন্তোষ দেখা দেয়। চাপের মুখে ট্রাম্প ভিডিওটি সরিয়ে নিলেও পরে দাবি করেন, তার এক কর্মী এটি পোস্ট করেছেন এবং তিনি পুরো ভিডিওটি দেখেননি। যদিও হোয়াইট হাউস শুরুতে এই সমালোচনাকে ‘ভুয়া ক্ষোভ’ বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল।

লিবারেল পডকাস্টার ব্রায়ান টাইলার কোহেনের সঙ্গে এক সাক্ষাৎকারে ওবামা বলেন, “বেশিরভাগ মানুষ এখনো ভদ্রতা ও দয়াশীলতায় বিশ্বাস করলেও সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনে এখন যা চলছে তা কেবলই একটি ভাঁড়ামি। যারা এক সময় মনে করতেন পদের প্রতি সম্মান বা শিষ্টাচার থাকা প্রয়োজন, তাদের মধ্যে এখন আর কোনো লজ্জা কাজ করে বলে মনে হয় না। সেই বোধটা হারিয়ে গেছে।”

সাবেক এই প্রেসিডেন্ট আক্ষেপ করে বলেন, বর্তমান রাজনৈতিক বক্তৃতা এমন এক নিষ্ঠুরতার পর্যায়ে নেমে গেছে, যা আগে কখনো দেখা যায়নি। সাক্ষাৎকারে ওবামা কেবল এই বর্ণবাদী আক্রমণেরই নিন্দা করেননি, বরং মিনেসোটা রাজ্যে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসনবিরোধী অভিযানেরও সমালোচনা করেন। হোয়াইট হাউস কর্তৃক অভিবাসীদের ‘দেশীয় সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দেওয়ার বিষয়টিকে তিনি ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলে অভিহিত করেন।

ওবামার মতে, এ ধরনের কুরুচিপূর্ণ পোস্ট এবং আক্রমণাত্মক বক্তব্য মূলত গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুগুলো থেকে মানুষের মনোযোগ সরিয়ে দেওয়ার একটি কৌশল মাত্র।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের এই সময়ে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্টের মধ্যে এমন বাকযুদ্ধ দেশটির অভ্যন্তরীণ মেরূকরণকে আরও স্পষ্ট করে তুলছে। একদিকে ট্রাম্পের উগ্র জাতীয়তাবাদী ও আক্রমণাত্মক কৌশল, অন্যদিকে ওবামার আদর্শিক ও শিষ্টাচারভিত্তিক অবস্থান—এই দুইয়ের সংঘাত মার্কিন রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখবে।

-এম এইচ মামুন