ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) অ্যান্ড চিফ হিউম্যান রিসোর্সেস অফিসারের দায়িত্ব পেয়েছেন মনজুলা মোরশেদ।
বৃহস্পতিবার ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, টেলিকমিউনিকেশন, ম্যানুফ্যাকচারিং, ব্যাংকিং ও এফএমসিজি খাতে মানবসম্পদ ও সাংগঠনিক নেতৃত্বে ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা মনজুলা মোরশেদের। কৌশলগত মানবসম্পদ ব্যবস্থাপনা, বৃহৎ পরিসরের সাংগঠনিক রূপান্তর বাস্তবায়ন এবং ভবিষ্যৎ উপযোগী সক্ষমতা গড়ে তোলার বিষয়ে ইন্ডাস্ট্রিতে তিনি পরিচিত।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, অভিজ্ঞ এইচআর প্রফেশনাল হিসেবে মনজুলা মোরশেদের নিয়োগ ব্র্যাক ব্যাংকের রূপান্তরমুখী কৌশলগত পরিকল্পনার প্রতিফলন। প্রতিষ্ঠানের ব্যবসায়িক লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে এইচআর স্ট্র্যাটেজি কার্যকরভাবে সামঞ্জস্য করার ক্ষেত্রে তার সক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
এর আগে মনজুলা মোরশেদ ‘সেকেন্ড মাউন্টেন কনসাল্টিংয়ে’ লিড কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এক দশকেরও বেশি সময় বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড এবং লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডে চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি বাংলাদেশ ও থাইল্যান্ডে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে সিনিয়র লিডারশিপ পর্যায়েও দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন তিনি।
-সাইমুন










