জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষঠতা অর্জন করায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে সার্ক জার্নালিস্ট ফোরামের (এসজেএফ) বাংলাদেশ চ্যাপ্টার।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সংগঠনের দপ্তর সম্পাদক কামরুল হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়।
বিবৃতিতে এসজেএফ বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি নাসির আল মামুন ও সাধারণ সম্পাদক শিয়াবুর রহমান উল্লেখ করেন যে এই বিজয় জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্রের লড়াইয়ে তারেক রহমানের আপসহীন নেতৃত্বের প্রতিফলন। দেশের মানুষ ব্যালটের মাধ্যমে তার নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছে।
তারা আশা প্রকাশ করেন যে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সুসংহত করা, মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা জোরদারসহ অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অর্জনের লক্ষ্যে কাজ করবে।
এছাড়া এসজেএফ নেতারা, দেশের নতুন নেতৃত্ব আঞ্চলিক সহযোগিতা, বিশেষ করে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) কাঠামোর আওতায় সহযোগিতা জোরদার করার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি বজায় রাখবেন এবং দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও অভিন্ন সমৃদ্ধির জন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততা বৃদ্ধি বিষয়ে আশা প্রকাশ করেন।অভিনন্দন বার্তায় গণতান্ত্রিক মূল্যবোধ ও টেকসই উন্নয়নের সমর্থনে দায়িত্বশীল সাংবাদিকতা, আঞ্চলিক সহযোগিতা এবং গঠনমূলক সংলাপের প্রতি নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা।
-বেলাল










