ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি

ছোটপর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। বিভিন্ন সময় নানামাত্রিক চরিত্রে দর্শকদের সামনে হাজির হয়েছেন। এসবের মাঝেই জানা গেল এক দুঃসংবাদ।বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ বোধ করছিলেন এবং পরীক্ষা-নিরীক্ষার পর তার মাথায় টিউমার ধরা পড়ে

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে তানিয়া বৃষ্টির পোস্টে দেখা যায়, এক তোড়া ফুল হাতে হাসপাতালের বিছানায় বসে আছেন।

ক্যাপশনে লিখেছেন, সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। পরিবার থেকে ফুল পেয়েছি। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আগামীকাল আমার মাথায় অস্ত্রোপচার। সবাই আমার জন্য দোয়া করবেন।

এ ব্যাপারে আজ সন্ধ্যায় অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু এশিয়া পোস্টকে বলেন, রোববার (১৫ ফ্রেব্রুয়ারি) বিকেল চারটায় স্পেশালাইজড হাসপাতালে অপারেশন থিয়েটারে নেয়া হয় তানিয়া বৃষ্টিকে। অপারেশন শেষ হতে চার ঘণ্টার মতো সময় লাগতে পারে। এরপর তাকে রিকভারি রুমে রাখা হবে। আগামীকাল সকালে তাকে কেবিনে নেয়া হবে।

অন্যদিকে অভিনেত্রীর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে এক বিবৃতিতে জানানো হয়েছে, অসুস্থতাকালীন কাজ সংক্রান্ত কোনো ফোন না দেওয়ার জন্য।

সেখানে বলা হয়েছে, আমাদের সবার প্রিয় তানিয়া বৃষ্টি আপু বর্তমানে শারীরিকভাবে বেশ অসুস্থ। এই মুহূর্তে তার সম্পূর্ণ বিশ্রাম এবং চিকিৎসার প্রয়োজন। অনুরোধ করছি, শুটিং ডেট বা কাজ সংক্রান্ত বিষয়ে আপাতত ফোন বা মেসেজ দিয়ে বিরক্ত না করার জন্য। সুস্থ হয়ে উঠলে ইনশাআল্লাহ তিনি নিজেই সবাইকে জানাবেন।

-মামুন