তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তা বিশ্বের ইতিহাসে বিরল দৃষ্টান্ত হবে: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, একটি পরিবার থেকে একজন রাষ্ট্রপতি ও তিনবারের প্রধানমন্ত্রী হয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি যদি একই পরিবার থেকে আরেকজন প্রধানমন্ত্রী নির্বাচিত হন, তাহলে তা বিশ্বের ইতিহাসে বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর পৌরসভার ২ ও ১৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

এ্যানি চৌধুরী বলেন, জিয়া পরিবার এ দেশের মানুষের কাছে অত্যন্ত প্রিয় ও ঘনিষ্ঠ। তাদের জনদরদী শাসনব্যবস্থার কারণেই মানুষের সঙ্গে তাদের এই গভীর সম্পর্ক তৈরি হয়েছে। তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। তারা একদিকে যেমন অত্যাচারিত হয়েছেন, তেমনি সম্মানিতও ছিলেন। তাদের জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়ে নির্বাসিত জীবন কাটিয়েছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে ফিরে তারেক রহমান লাখো মানুষের সামনে বক্তব্য দিয়েছেন, আল্লাহর সাহায্য ও মায়ের জন্য দোয়া চেয়েছেন এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে দেশ ও মানুষের সেবার অঙ্গীকার করেছেন। বর্তমানে তিনি পিতা-মাতার মতো গ্রামে গ্রামে ঘুরে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন।

এ্যানি চৌধুরী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সবাই যদি ধানের শীষে ভোট দেন, তাহলে ইনশাআল্লাহ তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এই সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ সৃষ্টি করতে গিয়ে জনগণ যেমন নির্যাতিত হয়েছে, তেমনি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জিয়া পরিবার।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ নির্বাচনে প্রতিপক্ষ হিসেবে অংশ নিচ্ছে। প্রেসিডেন্ট জিয়া তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। কিন্তু তারা সেই ক্ষমার সম্মান রাখতে পারেনি। স্বাধীনতার সময় তারা মুক্তিযোদ্ধাদের ওপর নির্যাতন, গণহত্যা, বুদ্ধিজীবী হত্যা এবং মা-বোনদের ওপর পাশবিক অত্যাচার চালিয়েছিল।

এ সময় জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, আবুল হাশেম, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ বিএনপি নেতা ইমতিয়াজ আনাম প্রমুখ উপস্থিত ছিলেন।

-এমইউএম