২০ কোটির ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ ধানুশকে

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ধানুশ এবার আইনি জটিলতায় পড়েছেন। দীর্ঘদিন ধরে একটি সিনেমার কাজ স্থগিত রাখার অভিযোগে তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে প্রযোজনা সংস্থা থেনান্ডাল ফিল্মস। ক্ষতিপূরণ হিসেবে তার কাছে ২০ কোটি টাকা দাবি করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া–এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে ‘নান রুদ্রন’ নামে একটি ছবির জন্য এই সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন ধানুশ। শুধু অভিনয় নয়, ছবিটি পরিচালনার দায়িত্বও তার ওপরই ছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও ছবিটির শুটিং শুরু হয়নি।

প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা প্রাথমিক পর্যায়ে প্রায় ২০ কোটি রুপি বিনিয়োগ করেছে। ধানুশের সঙ্গে ছবিতে অভিনয়ের কথা ছিল নাগার্জুন আক্কিনেনি এবং এস জে সূর্য–এর মতো তারকাদের। তাদের জন্য অগ্রিম খরচও করা হয়েছিল বলে দাবি করা হয়েছে। তবে অভিযোগ রয়েছে, ধানুশ সম্পূর্ণ চিত্রনাট্য জমা দেননি, ফলে ছবিটি দীর্ঘদিন ধরে আটকে রয়েছে।

আইনি নোটিশে আরও বলা হয়, ছবির কাজ শেষ না করেই ধানুশ অন্যান্য চলচ্চিত্রে সময় দিয়েছেন, যার কারণে প্রকল্পটি মাঝপথে বন্ধ হয়ে যায়। এতে প্রযোজকদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে বলে দাবি করা হয়েছে। তাই তারা তাদের প্রাথমিক বিনিয়োগ পুনরুদ্ধারের জন্য ক্ষতিপূরণ দাবি করছেন।

প্রযোজনা সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে তারা পরবর্তী আইনি পদক্ষেপ নেবে। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত ধানুশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

-বিথী রানী মণ্ডল