রয়টার্স। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের সঙ্গে তাদের সম্পর্ক শেষ করার বিষয়টি বিবেচনা করছে। কারণ, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কীভাবে তাদের এআই মডেল ব্যবহার করবে সে বিষয়ে কিছু বিধিনিষেধ বজায় রাখার দাবিতে অ্যানথ্রপিক অনড় অবস্থানে রয়েছে বলে অ্যাক্সিওসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, পেন্টাগন চারটি এআই কোম্পানিকে সামরিক বাহিনীর “সব বৈধ উদ্দেশ্যে” তাদের প্রযুক্তি ব্যবহারের অনুমতি দিতে চাপ দিচ্ছে। এর মধ্যে অস্ত্র উন্নয়ন, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং যুদ্ধক্ষেত্র পরিচালনা অন্তর্ভুক্ত। তবে অ্যানথ্রপিক এসব শর্তে সম্মত হয়নি, এবং কয়েক মাস ধরে আলোচনার পর পেন্টাগনের ধৈর্যচ্যুতি ঘটছে বলে জানা গেছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ওপেনএআই, গুগল এবং এক্সএআই। অ্যানথ্রপিকের এক মুখপাত্র জানান, তাদের এআই মডেল ক্লড-এর নির্দিষ্ট কোনো সামরিক অভিযানে ব্যবহারের বিষয়ে পেন্টাগনের সঙ্গে আলোচনা হয়নি। যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনাগুলো মূলত কিছু নির্দিষ্ট ব্যবহার নীতিমালা নিয়ে যেমন সম্পূর্ণ স্বয়ংক্রিয় অস্ত্র এবং ব্যাপক অভ্যন্তরীণ নজরদারির ওপর কঠোর সীমাবদ্ধতা কেন্দ্রিক ছিল, যা বর্তমান কোনো অভিযানের সঙ্গে সম্পর্কিত নয়।
অন্যদিকে, দা ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার জানায়, অ্যানথ্রপিকের এআই মডেল Claude যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার অভিযানে ব্যবহৃত হয়েছিল। এই মডেলটি ডেটা বিশ্লেষণ প্রতিষ্ঠান Palantir Technologies-এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে মোতায়েন করা হয়।
রয়টার্স বুধবার আরও জানায়, পেন্টাগন শীর্ষ এআই কোম্পানিগুলো যেমন ওপেনএআই এবং অ্যানথ্রপিককে তাদের এআই টুলস শ্রেণিবদ্ধ (classified) নেটওয়ার্কে তুলনামূলক কম বিধিনিষেধসহ ব্যবহারের অনুমতি দিতে চাপ দিচ্ছে।
সাবরিনা রিমি/










