একের পর এক গোল করায় জুড়ি নেই হ্যারি কেইন–এর। বায়ার্ন মিউনিখ–এর জার্সিতে নিজের সেই ধারাবাহিকতা আরও দৃঢ় করেছেন ইংল্যান্ডের এই তারকা।
বুন্দেস লিগায় গতকাল ওয়ার্ডার ব্রেমেন–এর বিপক্ষে জোড়া গোল করে পেশাদার ক্যারিয়ারে ৫০০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ম্যাচে ৩–০ গোলের জয় পেয়েছে বায়ার্ন।
রেলিগেশনের শঙ্কায় থাকা ব্রেমেনের মাঠে শুরু থেকেই দাপট দেখায় বাভারিয়ানরা। ২৫ মিনিটে ১৭ বছর বয়সী লেনার্ট কার্লকে বক্সে ফাউল করলে পেনাল্টি পায় বায়ার্ন। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন কেইন।
এর তিন মিনিট পরই ডি-বক্সের বাইরে থেকে নেওয়া নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন এই ইংলিশ ফরোয়ার্ড। টানা তৃতীয় ম্যাচে গোল পেলেন তিনি। চলতি মৌসুমে বুন্দেস লিগায় ২২ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়াল ২৬।
৭০ মিনিটে আলফনসো ডেভিসের পাস থেকে তৃতীয় গোলটি করেন লিওন গোরেৎজকা। তবে প্রথমার্ধেই পায়ের মাংসপেশিতে চোট পেয়ে মাঠ ছাড়েন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার।
২২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বায়ার্ন দ্বিতীয় স্থানের বরুসিয়া ডর্টমুন্ড–এর (৫১ পয়েন্ট) চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে। গোল ব্যবধানেও এগিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
২০১১ সালে ইংল্যান্ডের তৃতীয় স্তরের ক্লাব লেইটন ওরিয়েন্ট–এর হয়ে ১৭ বছর বয়সে প্রথম পেশাদার গোল করেছিলেন কেইন। ১৫ বছর পর ৫০০তম গোলের মাইলফলক স্পর্শ করে ৩২ বছর বয়সী এই তারকা বলেন,
“৫০০ গোলের মাইলফলক স্পর্শ করা অবশ্যই গর্বের। এখানে পৌঁছাতে অনেক পরিশ্রম ও ত্যাগ স্বীকার করতে হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকের জয় এবং ক্লিনশিট।”
-এমইউএম










