হাঁটুর চোটে ছিটকে গেলেন এমবাপ্পে, সুপারকোপায় খেলা নিয়ে শঙ্কা

হাঁটুর ইনজুরির কারণে রিয়াল বেটিসের বিপক্ষে লা লিগার ম্যাচে খেলতে পারছেন না কিলিয়ান এমবাপ্পে। এমনকি আগামী সপ্তাহের স্প্যানিশ সুপারকোপাতেও তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইএসপিএন-এর সূত্র মতে, রিয়াল মাদ্রিদ নিশ্চিত করেছে যে এই তারকা ফরোয়ার্ডের বাম হাঁটুতে চোট (sprain) ধরা পড়েছে।

চলতি মৌসুমে ১৮ গোল করে লা লিগার সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে মঙ্গলবার ভক্তদের সাথে উন্মুক্ত অনুশীলনে অংশ নিলেও বুধবার অনুশীলনে ছিলেন না বলে সূত্র জানিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই ফরাসি ফরোয়ার্ডকে ভোগানো সেই পুরনো হাঁটুর সমস্যাই আবার ফিরে এসেছে।

বুধবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, ‘আজ রিয়াল মাদ্রিদ মেডিকেল সার্ভিসের পরীক্ষায় আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের বাম হাঁটুতে মচকে যাওয়ার (sprain) বিষয়টি ধরা পড়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি পর্যবেক্ষণ করা হবে।’

আগামী রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল বেটিসের বিপক্ষে ২০২৬ সালের প্রথম ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ। এরপরই সুপারকোপায় অংশ নিতে সৌদি আরবের জেদ্দায় উড়াল দেবে দলটি।

সেখানে ৮ জানুয়ারি সেমিফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ডার্বি ম্যাচে নামবে তারা। জয় পেলে ১১ জানুয়ারি ফাইনালে তাদের প্রতিপক্ষ হতে পারে বার্সেলোনা অথবা অ্যাথলেটিক ক্লাব।

এমবাপ্পে চলতি মৌসুমে মাদ্রিদের হয়ে এখন পর্যন্ত ১৮টি লিগ ম্যাচের সবকটিতেই শুরুর একাদশে ছিলেন। তবে গত ১০ ডিসেম্বর ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তিনি খেলতে পারেননি।

বড়দিনের আগের সপ্তাহে লা লিগায় আলাভেস ও সেভিয়া এবং কোপা দেল রে-তে তালাভেরা দে লা রেইনার বিপক্ষে এই তিন ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলেছিলেন এমবাপ্পে। ২০২৫ সালটি তিনি শেষ করেছেন এক পঞ্জিকাবর্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোর ৫৯ গোলের ক্লাব রেকর্ড স্পর্শ করে।