এনসিপিকে ভোট দেওয়ার কারণে ধ-র্ষণের অভিযোগ হাতিয়ায় ঘটনার সত্যতা পায়নি পুলিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি স্পর্শকাতর অভিযোগ ঘিরে হাতিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগে বলা হয়, এনসিপিকে ভোট দেওয়ার জেরে এক নারী ধ-র্ষণের শিকার হয়েছেন। তবে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত এমন ঘটনার সত্যতা বা অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তবে এখন পর্যন্ত অভিযোগের বাস্তবতা নিশ্চিত হওয়ার মতো তথ্য মেলেনি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গুজব বা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হলে তা আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ হতে পারে।

এদিকে রাজনৈতিক অঙ্গনে এ ঘটনাকে ঘিরে পাল্টাপাল্টি বক্তব্য দেখা দিয়েছে। একটি পক্ষের দাবি, পরিকল্পিতভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর বিরুদ্ধে নেতিবাচক জনমত তৈরির উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।

সংশ্লিষ্টরা বলেন, সংবেদনশীল অপরাধের মতো গুরুতর বিষয়কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলে তা সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে এবং প্রকৃত ভুক্তভোগীদের ন্যায়বিচার প্রাপ্তির পথ জটিল করে তোলে।

সচেতন মহল মনে করছে, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের অভিযোগ প্রচার সামাজিক অস্থিরতা বাড়াতে পারে। তাই তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত দায়িত্বশীল আচরণ ও ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন তারা।

হামিদুল হক, নোয়াখালী