তাহিরপুরের একটি কাপড়ের দোকানে চোর প্রবেশ করে ২ লক্ষাধিক টাকার কাপড় ও নগদ ৩৫ হাজার টাকা নিয়ে গেছে। এ ঘটনায় উপজেলার বালিজুড়ি ইউনিয়নের আনোয়ারপুর বাজারের কাপড় ব্যবসায়ী বীরেন্দ্র বর্মন বাদী হয়ে শনিবার (১৪ ফেব্রুয়ারি) তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আনোয়ারপুর বাজারে ভাড়াকৃত কাপড়ের দোকানে বেচাকেনা শেষ করে সাটারে তালা লাগিয়ে বাড়িতে চলে যান বীরেন্দ্র বর্মন। পরের দিন শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল অনুমান ৮ টায় কাপড় দোকান এর সামনের সাটার এর তালা খুলে ভিতরে প্রবেশ করে দেখতে পান পিছনের দরজা খোলা ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে এবং দোকানের উপরে টিন কাটা অবস্থা রয়েছে। এমনকি দোকান এর ভিতরে থাকা শাড়ী, লুঙ্গি ও বিভিন্ন জাতের গার্মেন্টস এর কাপড় এবং নগদ টাকা কে বা কারা চুরি করে নিয়ে যায়। দোকান মালিক বীরেন্দ্র বর্মন জানান, দোকানে চুরির ঘটনায় তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বালিজুড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, আনোয়ারপুর বাজারে চুরির ঘটনার খবর শুনে তিনি সরজমিন গিয়ে পরিদর্শন করেছেন। এ ঘটনায় দোকান মালিককে থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দিয়েছেন।
-মোঃমাইনদ্দীন, সুনামগঞ্জ










