বরগুনায় জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সবুজ মোল্লা গ্রেপ্তার

বরগুনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সবুজ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বরগুনা পৌরসভার পিটিআই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বরগুনা সদর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পিটিআই এলাকায় একটি বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানে বরগুনা জেলা ছাত্রলীগের প্রভাবশালী নেতা সবুজ মোল্লাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা। তিনি বরগুনা থানায় দায়ের করা একটি সহিংসতার মামলার এজাহারভুক্ত আসামি বলে নিশ্চিত করেছে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম গণমাধ্যমকে জানান, সবুজ মোল্লা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে প্রয়োজনীয় নথিপত্রসহ তাকে আদালতে সোপর্দ করা হবে।

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে সারা দেশে ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপর থেকেই আত্মগোপনে থাকা সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

-লামিয়া আক্তার