সুপার এইট নিশ্চিতের লক্ষ্যে মাঠে নামছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা

‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচে জয়ী নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ২ ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে তারা সুপার এইটের দ্বারপ্রান্তে। এক ম্যাচ জিতলেই টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী রাউন্ড নিশ্চিত হবে। আহমেদাবাদে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

নিউজিল্যান্ড বিশ্বকাপ শুরু করেছে আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটের জয় দিয়ে। পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে তারা সুপার এইটের পথে এগিয়ে যায়। অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, “আমরা দলের পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে চাই এবং তৃতীয় জয় দিয়ে পরের রাউন্ড নিশ্চিত করতে চাই।”

দক্ষিণ আফ্রিকাও প্রথম দুই ম্যাচে জয়ী। কানাডার বিপক্ষে ৫৭ রানের জয় এবং আফগানিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর জয় পায় প্রোটিয়ারা। আফগানিস্তানের সঙ্গে ম্যাচটি ডাবল সুপার ওভারে শেষ হয়। প্রথম সুপার ওভারে ম্যাচ টাই হয়ে গেলে দ্বিতীয় সুপার ওভারে দক্ষিণ আফ্রিকা ২৩ রান করে, আফগানিস্তান ১৯ রানে থামে এবং প্রোটিয়ারার রোমাঞ্চকর জয় নিশ্চিত হয়।

দলের অধিনায়ক এইডেন মার্করাম বলেন, “আফগানিস্তানের বিপক্ষে জয় আমাদের মনোবল চাঙ্গা করেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো খেলতে আমাদের দল উচ্ছ্বসিত। সুপার এইট নিশ্চিত করতেই আমরা মাঠে নামব।”

নিউজিল্যান্ড:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট, ইশ সোধি, কাইল জেমিসন

দক্ষিণ আফ্রিকা:
এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, জেসন স্মিথ, ডনোভান ফেরেইরা, টনি ডি জর্জি, জর্জ লিন্ডে, মার্কো জানসেন, করবিন বশ, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, এনরিখ নর্কিয়া, কোয়েনা মাফাকা

-এমইউএম